সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ও আহত হয়েছেন যারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ওই ড্রোন হামলা চালায়।

হামলায় শহীদ শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি); সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ); লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া (গাইবান্ধা)।

হামলা আহত শান্তিরক্ষীরা হলেন— লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম), সৈনিক উম্মে হানি আক্তার, ইঞ্জি. (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ); সৈনিক মানাজির আহসান, বীর (নোয়াখালী)।

আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আহত ৮ শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আহত অপর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh