প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কিছু ব্যক্তি শনাক্ত: ধর্ম উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি—তাদের কিছু ছবি, কিছু পরিচয় আমরা এরই মধ্যে শনাক্ত করেছি। তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।”

এ সময় ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ধর্ম উপদেষ্টা হিসেবে এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। আমরা কোনো অবস্থাতেই আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়া একটি রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা।”

তিনি বলেন, “আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি—আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। যে বা যারা এই মানুষটিকে পিটিয়ে হত্যা করেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি।”

এক সাংবাদিক ছায়ানটে হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, শিবিরের কেউ কেউ বলেছে এ ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত নয় এবং তারা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল—এমন বক্তব্যের প্রেক্ষিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে কি না।

জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “কে কী বলল, সেটা আমাদের এখতিয়ার নয়। তবে আমরা যেহেতু সরকারে আছি, সরকার অনুমোদিত ও চলমান কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে বা মানুষ পুড়িয়ে হত্যা করবে—এটা কোনোদিনই আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ হিসেবে বিবেচনা করি এবং জড়িতদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিছু ঘটনা যে ঘটছে না, তা নয়। তবে আমরা যে পর্যায়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি, তাতে আমরা আশাবাদী—নির্বাচন যথাসময়েই হবে। সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ ও স্বতঃস্ফূর্ত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”

প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা গোয়েন্দা ব্যর্থতা—এভাবে সরাসরি বলাটা আমার উচিত নয়।”

তিনি আরও বলেন, “এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তাছাড়া একসঙ্গে কোথায় হামলা হবে, তা আগেভাগে জানা মুশকিল। যেমন, গতকাল আমার কাছে গোয়েন্দা থেকে একটি রিপোর্ট আসে—কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে, পাশের চারুকলা ইনস্টিটিউটে হামলা হতে পারে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে পদক্ষেপ নিয়েছি বলেই সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh