সবার নিরাপত্তা চাইলেন ডাকসুর ভিপি, গানম্যান নিতে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ

সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার তাকে গানম্যান প্রদানের বিষয়টি অবহিত করে। তবে তিনি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা গেলে নিরাপত্তা নিয়ে আজ এত উদ্বেগ থাকত না। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

ডাকসুর ভিপি আরও বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদির মতো নেতারা শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসছে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার দ্বিধা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ নেতা বলেন, নিঃসন্দেহে সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণই তাদের দাবি। তিনি বলেন, দেশের ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করছেন না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh