সব
স্বদেশ বিদেশ ডট কম

টানা পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই চেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতেই রাজধানীর সড়কগুলোতে উপচে পড়া ভিড়, তীব্র যানজট এবং গণপরিবহনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের। ছুটির দিনের সাময়িক স্বস্তি কাটিয়ে ঢাকা যেন আবার তার চিরচেনা রূপে ফিরে এসেছে।
সরেজমিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সায়দাবাদ, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, গুলিস্তান ও পল্টনে কর্মস্থলমুখী মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ৮টার পর থেকে এসব এলাকার প্রতিটি বাস স্টপেজে অফিসগামী মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। বাস এলেই শুরু হয় ওঠার তীব্র প্রতিযোগিতা। অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই বাসে উঠতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। আবার যারা বাসে উঠতে পেরেছেন, তাদের অনেককেই সিট না পেয়ে দাঁড়িয়ে গাদাগাদি করে যাতায়াত করতে হয়েছে।
সড়কে বাসের পাশাপাশি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর কারণে অনেক জায়গায় গাড়ির গতি কমে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সায়দাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্তান হয়ে পল্টনগামী সড়কে যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।
সায়দাবাদ এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ এক বেসরকারি চাকরিজীবী আক্ষেপ করে বলেন, “ছুটির পর আজ অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু বাসে এত ভিড় যে একটার পর একটা বাস এলেও ওঠা যাচ্ছে না। এভাবে প্রতিদিন যাতায়াত করতে হলে শারীরিক কষ্ট চরমে পৌঁছায়।”
অন্যদিকে বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার জানান, ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় আজ সকালে সড়কে প্রচণ্ড গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়েছে। তবে দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।