দেড় যুগ পর শহিদ জিয়ার সমাধিতে যাচ্ছেন তারেক রহমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের সমাধি স্থল জিয়া উদ্যানের পথে রওনা হয়েছেন তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় তার গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে রওনা দেয়।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকায় নাম লেখাবেন শনিবার। জাতীয় পরিচয়পত্রের কাজ সেরে তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

পরে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি সেখানে যাবেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার কৌতূহল নিয়ে এসেছিলেন, কেউবা প্রত্যাবর্তনের এই স্মরণীয় দিনে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো পথ যেন এক লোকারণ্যে পরিণত হয়।

তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় ভিড় করেছে দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন বিএনপির সিনিয়র নেতারাও।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh