সব
স্বদেশ বিদেশ ডট কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের চলাচলে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো প্রার্থী নিজ বিভাগের কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোট প্রদান শেষে প্রার্থী নিজ কেন্দ্রেও পুনরায় ঢুকতে পারবেন না।
সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান গণমাধ্যমকে জানান, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি স্বচ্ছ, সুশৃঙ্খল, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটের দিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। তবে বিকেল ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্র ও কেন্দ্রের বেষ্টনীর ভেতরে প্রবেশ করবেন, তারা সবাই ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে পৃথকভাবে ভোট গণনা করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করবেন। পরে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। ভোট গণনার জন্য মোট ছয়টি মেশিন ব্যবহার করা হবে।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে জানিয়ে অধ্যাপক মোস্তফা হাসান বলেন, পুরো ক্যাম্পাস ও প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি তিনটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট গণনা লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, যেসব ভোটারের পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা ভোটার তালিকা থেকে কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে অথবা প্রিন্ট কপি হিসেবে ভোটার আইডি সংগ্রহ করে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা থাকবে ছবিযুক্ত।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রে মোট ১৬৬টি বুথ এবং হল সংসদের জন্য ১২টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।