ভৈরবে মেইল ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রামসহ চার রেলপথ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১:০৩ অপরাহ্ণ


কিশোরগঞ্জের ভৈরবে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ভৈরব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা মেইল (২ডাউন) ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে গতকাল রাত পৌনে ১২টায় ছেড়ে আসে। পৌনে তিনটার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। ২টা ৫৫ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যাওয়ার সিগন্যাল পায়। ট্রেনটি ধীরগতিতে ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় ঢাকাগামী আন্তনগর পারাবত, আন্তনগর উপবন, তিতাস কমিউটারসহ কয়েকটি মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকে পড়ে। এ কারণে হাজারো যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

দুর্ঘটনার পৌনে চার ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

ভৈরব স্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বলেন, ‘উদ্ধারকাজ চলছে। কখন শেষ হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণে প্রায় সব ট্রেন কয়েক ঘণ্টা করে যাত্রাবিলম্ব হবে।’

সূত্র: প্রথম আলো

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh