দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার পাবনা–ঢাকা মহাসড়কের মাধপুর এলাকার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, “সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।” আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে পাঠান।

ওসি মুস্তাফিজার রহমান আরও জানান, আহতদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় দুজনে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।

এ ঘটনায় গুরুতর আহত ১২ থেকে ১৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সূত্র: বিডি নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh