জাপানে নিটসুর লজিস্টিকস হাব পরিদর্শন করলেন তারেক রহমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে তিনি নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

নিটসু লজিস্টিকস হাব মূলত নিপ্পন এক্সপ্রেস কোম্পানির অধীনে পরিচালিত একটি অত্যাধুনিক ও কৌশলগত বহুমাত্রিক পরিবহন ও পণ্য সরবরাহ কেন্দ্র।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে প্রধানমন্ত্রী জেবার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হয়।

যৌথ ঘোষণায় বৈশ্বিক বাস্তবতার নিরিখে নিজেদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিশেষ অংশীদারত্বমূলক উদ্যোগ ‘বিগ-বি’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও জাপান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh