ডজনপ্রতি ৩৫০ টাকায় পৌঁছেছে লেবুর দাম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

বাজারে লেবুর দাম ডজনপ্রতি ৩৫০ টাকায় পৌঁছেছে। খুচরা বাজারে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, যা কয়েক সপ্তাহ আগেও ছিল তুলনামূলক কম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, রমজানকে সামনে রেখে চাহিদা বাড়ার অজুহাতে বিক্রেতারা বাড়তি দামে লেবু বিক্রি করছেন এমন অভিযোগ ক্রেতাদের।

রবিউল নামের এক ক্রেতা বলেন, ডজন ৩৫০ টাকা হলে একটি লেবু কিনতেও এখন ভাবতে হচ্ছে। আগে যেখানে একসঙ্গে ৫-৬ টা নিতাম, এখন একটা-দুটাতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

রবিন আকরাম নামের আরেক ক্রেতা বলেন, প্রত্যেক বছর রমজান আসলেই লেবু, শসা, টমেটো, খেজুরের দাম বেড়ে যায়। এবারও তেমন দাম বেড়েছে। আমাদের কপাল খারাপ আমরা গরিব হয়ে জন্মেছি। মুসলিম একটা দেশ এই দেশে কেন দাম বাড়বে, সেটা আমার মাথায় আসে না। আমি লেবু কিনতে এসেছিলাম কিন্তু এত বেশি দাম না কিনেই ফিরে যাচ্ছি।

এদিকে শুধু লেবুর দামই বেশি নয়। প্রত্যেক সবজির দাম বেড়েছে। কারওয়ান বাজারে লাউ ১২০ টাকা (আগে ছিল ৬০ টাকা), বেগুন ১৩০ টাকা (আগে ছিল ৯০ টাকা), করলা ২০০ থেকে ১৬০ টাকা (আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা) দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম এবং পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ নজরদারি না থাকায় সুযোগ নিয়ে দাম বাড়ানো হচ্ছে। বিশেষ করে ইফতারিতে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

একাধিক ক্রেতা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। তার ওপর লেবুর মতো সাধারণ পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংসারের বাজেট সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

ভোক্তারা দ্রুত বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh