সব
স্বদেশ বিদেশ ডট কম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহণ চালকরা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার (১ মার্চ) দিনগত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়ে ভোরে সংস্কার কাজ শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য ঢেকে রাখা হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে দুপুরে এ যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
যাত্রী আফরোজা খানম বলেন, পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে তিন ঘণ্টা আগে রওয়ানা হয়েছি তবে এখনও এই লাঙ্গলবন্দ সেতু পার হতে পারিনি। ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে তিন ঘণ্টা।
ঢাকাগামী বাসচালক আলাল উদ্দিন জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে কয়েকটি জায়গায় ভেঙে যাওয়ায় আমাদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এখন সেতুটিতে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়।
প্রাইভেটকারচালক নজরুল ইসলাম বলেন, এই সেতুটি দিয়ে এমনিতেই ধীরগতিতে যানবাহন চালাতে হয়। সংস্কারকাজ শেষ হলেও সেতুটি ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন সেতু নির্মাণ করা খুবই জরুরি।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ রাতেই শেষ হয়েছে। ঢালাই জমাট বাঁধার জন্য এখন একপাশের লেন বন্ধ রাখা হয়েছে। এখন যানবাহন ধীর গতীতে চলছে। বড় ধরনের যানজট যেন না হয় সে জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুটির সংস্কারকাজ করায় একটি লেন বন্ধ রাখা হয়েছে। তবে আজ রাত ১২টার পর থেকে বন্ধ লেনটি খুলে দেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নতুন আরেকটি সেতু নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে।