সব
স্বদেশ বিদেশ ডট কম

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অপমান করতেই আদালতে নেওয়ার পথে মাথায় নিরাপত্তা হেলমেট ও বুকে জ্যাকেট পরানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের মধুবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিমানবন্দরে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
জামায়াত আমির বলেন, ঢাকা বিমানবন্দরে লাগেজ পেতে তিন ঘণ্টার বেশি বিলম্ব ও পবিত্র জমজমের পানি লাপাত্তা হওয়ার মতো সীমাহীন দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ করেছিলেন মেজর আখতারুজ্জামান। তিনি কথা বলেছিলেন দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা খেটে খাওয়া প্রবাসী ভাই-বোনদের জন্য, যাদের ব্যাগ কেটে হরহামেশাই মূল্যবান সম্পদ চুরি করা হয়।
কিন্তু সেই প্রতিবাদ করার অপরাধেই তড়িঘড়ি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে নাজেহাল করার যে অভিযোগ আনা হয়েছে, তা এক হাজার ভাগ মিথ্যা বলে দাবি করেন শফিকুর রহমান।
আখতারুজ্জামানের সাহসিকতার প্রশংসা করে ডা. শফিকুর রহমান জানান, মামলা হওয়ার পর আগাম জামিন নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি চেয়েছিলেন তার প্রতিবাদের কারণে তাকে গ্রেপ্তার করার বিষয়টি যেন দেশের ১৮ কোটি মানুষ দেখে।
জামায়াত আমির বলেন, এই বীরত্বের কারণে মেজর আখতারুজ্জামান এখন আর শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি সারা বাংলাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতায় পরিণত হয়েছেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা ও জমজমের পানি না আসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার প্রিজনভ্যানে করে সিএমএম আদালতে নেওয়ার সময় তাকে নিরাপত্তা হেলমেট পরানো হলে তিনি তা ছুড়ে ফেলে দেন।
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি আওয়ামী লীগ নন যে তাকে ফ্যাশন করে হেলমেট পরতে হবে; বরং তিনি অবৈধ এই হেলমেটের বদলে হাতে হাতকড়া পরানোর দাবি জানান।