কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি)।

অপরদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এদিকে ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিন পর তেল পাম্পগুলোতে কোনো তেল অবশিষ্ট থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি।

সংগঠনটির পক্ষ থেকে ক্রেতাদের তেল ক্রয়ে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh