উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেবে’ মার্কিন বাহিনী।।

দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা করেন ট্রাম্প

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় নতুন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়া যেকোনো জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘একটি পর্যায়ে হরমুজ দিয়ে “সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে”—এমন অবস্থানে পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল (শুল্ক) দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট জ্বালানি প্রায় ২০ শতাংশ সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh