সব
স্বদেশ বিদেশ ডট কম

রংপুরের হারাগাছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসহ আটক করার সময় পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুল ইসলামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।
রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।