বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত আজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস–মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। তবে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রোববার রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে পরিবহনমালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিতে হবে।

বাসের ভাড়ার সম্ভাব্য হার বিআরটিএ থেকে প্রস্তাব করা হয়। তবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। এদিকে সড়ক পরিবহনবিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও সচিব মোহাম্মদ জিয়াউল হক ঢাকার বাইরে আছেন।

বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, তাঁরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহনমালিকদের দাবি—এই দুটির সমন্বয় করে একটা প্রস্তাব আগামীকাল মন্ত্রণালয়ে পাঠাবেন। মন্ত্রী ও সচিব মিলে সেটাই রাখবেন, নাকি, কিছু কমবেশি করবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন গণমাধ্যমকে বলেন, তাঁরা জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত। তবে তাঁরা বলেছেন, কালকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে। নতুবা বিচ্ছিন্নভাবে পরিবহন মালিক–শ্রমিকেরা ভাড়া বৃদ্ধি করলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কারণ, সারা দেশেই পরিবহনমালিকদের বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয় না। ট্রাক–কাভার্ড ভ্যানসহ মালাবাহী যানেরও ভাড়া সরকার ঠিক করে দেয় না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh