ঢাকাসহ দেশের ২১ জেলায় বইছে তাপপ্রবাহ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ


ঢাকাসহ দেশের ২১ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এর মধ্যে শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ এপ্রিল) অধিদপ্তর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। তাতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশের অন্য বিভাগগুলোতেও কিছু-কিছু জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এই দুই বিভাগে বেশি বৃষ্টিপাত হবে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ ২১টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার সকালের বুলেটিনে জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়; ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh