সব
স্বদেশ বিদেশ ডট কম

পূর্ব লন্ডনের প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল ‘রমফোর্ড রাইডার্স’ তাদের ২০২৬ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করেছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় টাওয়ার হ্যামলেটসের হার্কনেস হাউসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ ও দলের অন্যতম উদ্যোক্তা-পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে ‘লাক্স ফার্নিশিং’ এবং সহযোগী স্পন্সর হিসেবে ‘সিনেমা এডিটস’, ‘ওয়ান শাহাদাহ’, ‘রাহুল ইবি আনপ্লাগড স্টোরি’ ও ‘ডান্টন গ্রিল অ্যান্ড স্পাইস’-এর লোগো স্থান পেয়েছে। অনুষ্ঠানে দলের লোগো সম্বলিত ব্যানারের সামনে খেলোয়াড় ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের সিকেসি’র সিইও ও ভিক্টোরিয়া পার্ক টি-২০ ব্লাস্টের সিইও শহিদুল আলম রতন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হুসাইন এবং প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং-এর স্বত্বাধিকারী এমরান রহমানসহ আরও অনেকে। এছাড়া দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল এবং অধিনায়ক আমিনুল রহমান ইমন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কু বলেন, “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি কমিউনিটির তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও বিজয়ের প্রতীক।”
দলের কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্লাবটি নিয়মিত কাজ করছে।
এ সময় ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা ও থাকা-খাওয়ার ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানানো হয়। পাশাপাশি খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের বাইরে আসলে জরিমানা আরোপ করা হবে এবং সেই অর্থ উক্ত ট্রাস্টে দান করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, পূর্ব লন্ডনভিত্তিক অরাজনৈতিক ক্রীড়া সংগঠন রমফোর্ড রাইডার্স গত বছর থেকে বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠানের শেষে দলের প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং-এর কর্ণধার এমরান রহমানের জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।