সব
স্বদেশ বিদেশ ডট কম

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এই টেস্ট জয়ের মুহূর্ত এখনও মনে রেখেছে অজিরা। তাইতো বাংলাদেশকে মোটেও হালকাভাবে না নেওয়ার কথা জানালেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউ।
অক্টোবরে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিগার সুলতানা জ্যোতিরা অস্ট্রেলিয়ায় যাবে। আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিকরা। যদিও ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলই পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে মলিনিউ মনে করেন, টেস্টের ওই ফলাফলটি একটি সময়োপযোগী সতর্কবার্তা, যেখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
ডিজিইএন ডট নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী মলিনিউ বলেন, খেলাধুলা তো এমনই, তাই না? যেকোনো দিন যেকোনো কিছুই ঘটতে পারে। আর খেলাধুলার এই বিষয়টি সবার জন্য একটি ভালো বার্তা বা স্মারক। ওই টেস্টে বাংলাদেশ অসাধারণ খেলেছে। বিষয়টি দারুণ ছিল। আমি নিশ্চিত, আমাদের এই সিরিজটিও ব্যতিক্রম হবে না এবং এখানেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
মলিনিউ আরও বলেন, বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাদের এখানে এনে আমাদের নিজস্ব কন্ডিশনে খেলানোটা প্রমাণ করে, নারী ক্রিকেট কতটা এগিয়েছে। আমার মনে হয়, উভয় দলের জন্যই এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। আশা করি দর্শকরা মাঠে আসবেন এবং আমরা একটি ভালো লড়াই দেখতে পাব।
মোলিনাক্স এ কথাও স্বীকার করেন, অস্ট্রেলিয়াকে তাদের প্রস্তুতির ক্ষেত্রে কিছু পরিবর্তন বা সমন্বয় করতে হবে। বিশেষ করে বাংলাদেশের বোলিং আক্রমণের কথা মাথায় রেখে, যারা মূলত স্পিন এবং গতির বৈচিত্র্যের ওপর নির্ভর করে।
এই নারী ক্রিকেটার বলেন,আমার মনে হয়, আমাদের অনেক বিষয় নিয়েই কাজ করতে হবে। তারা সত্যিই একটি দক্ষ দল। বোলিংয়ের দিক থেকে দেখলে, তারা বলের গতি কমিয়ে বা ‘পেস অফ’ করে বল করার কৌশল বেশি ব্যবহার করে। আমরা সাধারণত বলের ওপর ভালো গতি বা ‘পেস’ পেতে অভ্যস্ত, কিন্তু তাদের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনার আছেন। তাই তাদের মোকাবিলায় আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারা অত্যন্ত দক্ষও বটে। আমার মনে হয়, তাদের বিপক্ষে আমাদের খুব ভালো বোলিং করতে হবে।
মোলিনাক্স বাংলাদেশের পেসার মারুফা আক্তারের কথাও বিশেষভাবে উল্লেখ করেন, যার মোকাবিলায় অস্ট্রেলিয়াকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সে খুবই দক্ষ একজন বোলার এবং তার বিষয়েও আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গত দুই-তিন বছরে আমরা তাদের বিপক্ষে কিছু ম্যাচ খেলেছি, তাই সেই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে একই সঙ্গে, আমাদের নিজস্ব কন্ডিশনে তাদের বিপক্ষে খেলাটা কিছুটা ভিন্ন হবে এবং সেই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হবে।