সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বললেন, এনআইডি সেবায় কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি থাকবে না, এমন পরিবেশ তৈরি করতে চায় নির্বাচন কমিশন। নাগরিকরা যেন নির্বিঘ্নে সেবা পান, সেটিই তাদের লক্ষ্য।
সিইসি জানান, প্রতিদিন তার কাছে এনআইডি-সংক্রান্ত ছয়-সাতটি আবেদন আসে। অনেকেই ছয় মাস, ১০ মাস কিংবা কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। এসব অভিযোগ তাকে বিব্রত করে। পত্রপত্রিকায় এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর দেখলেও তিনি অস্বস্তি বোধ করেন। নাগরিকদের যাতে আর হয়রানির শিকার হতে না হয়, সে ব্যবস্থা করতে হবে।
আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে তা নিশ্চিত করতে হবে। আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে, সেটিও জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনে আবেদনকারীকে একটি মেমো বা ক্রমিক নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি জানতে পারেন।
সিইসি স্পষ্ট করেন, আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব না পাওয়া কিংবা আবেদনের অবস্থা জানতে না পারা গ্রহণযোগ্য নয়।
এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানান তিনি। জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলেও দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে।’
সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি উল্লেখ করেন, দেশের সব নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন। তাঁদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালাতে হবে।
এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল।
মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রেও একটি সমস্যার কথা তুলে ধরেন তিনি। তার মতে, অনেক সময় মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করে। এ কারণে তারা মৃত্যুর তথ্য জানাতে চায় না। বিষয়টি বিবেচনায় নিয়ে এর সমাধান বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন সিইসি। তিনি জানান, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না-ও হতে পারে। তবে নাগরিকদের শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোডের বিষয়টি বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে ভাবতে হবে।
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারণ করতে হবে। এতে নাগরিকদের অযথা হয়রানি কমবে।
অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও অংশ নেন।
কর্মশালার শেষ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শ চেয়ে সিইসি আরও বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। এনআইডি সেবায় হয়রানি থাকবে না, কাউকে দুর্নীতির শিকার হতে হবে না এটাই তার প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সবার কাছ থেকে সমাধান চান।