সব
স্বদেশ বিদেশ ডট কম

চট্টগ্রাম নগরীর বাদামতলি এলাকায় ২৩ বছর আগের এক হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন- জামাল উদ্দিন জামাল ওরফে মৌ ও এরশাদ ওরফে হিরু। এরশাদ কারাগারে থাকলেও জামাল পালিয়ে বেড়াচ্ছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন- মনির হোসেন মনির, আলমগীর ওরফে আঙ্গুর ওরফে পিচ্চি আলমগীর ও রাশেদ ওরফে হাসি মিয়া। তাদের মধ্যে আলমগীর ও রাশেদ কারাগারে। পলাতক রয়েছেন মনির।
আদালতের বেঞ্চ সহকারী রাকিব মিয়া গণমাধ্যমকে বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, মাছের আড়তের কর্মচারী ইদু মিয়া নগরীর ডবলমুরিং থানার বাদামতলির শেখ মুজিব রোডের বাসিন্দা ছিলেন। তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন। ইদু মিয়া সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন।
এরপর ২০০৩ সালের ৩ জানুয়ারি দুপুরে বাড়ির কাছে একটি কবরস্থানে ইদু মিয়ার লাশ পাওয়া যায়। গলা কেটে ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।
ইদু মিয়াকে হত্যার ঘটনায় তার ভাই মোহাম্মদ কামাল উদ্দিন নামা না জানাদের আসামি করে মামলা করেন। অভিযোগপত্রে পুলিশ পাঁচজনকে আসামি করে। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় জামাল উদ্দিন আরোজনকে নিয়ে ইদু মিয়াকে হত্যা করেছিল বলে অভিযোগপত্রে তুলে ধরা হয়।
২০০৬ সালে এ মামলার আদালতে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারে নয়জনের সাক্ষ্য শেষে রায় এল।