হামে মৃত্যুর সংখ্যা ৪৫০ ছাড়াল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে অধিদপ্তর।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে আটজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি চারজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আরও ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৯২ শিশুর শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর এই ক্রমবর্ধমান হার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh