সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় সিএনজি অটোরিকশা চালক আব্দুল মুমিনের বড় ভাই কবির আহমদ। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কবির আহমদ বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি না থেমে তার দেহ কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে শ্রীরামপুর বাইপাস এলাকায় ধাওয়া দিয়ে ট্রাকটি হেলপারসহ আটক করা হলেও চালক পালিয়ে যায়। তবে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য, কন্টেন্ট ক্রিয়েটর জাফর এবং সচেতন তরুণদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, গত বছরও একই এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর কারণে পাশের গ্রামের একজন নিহত হয়েছিলেন। এক বছরের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
মরহুম কবির আহমদের জানাজার নামাজ শুক্রবার হিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘাতক ট্রাকচালকের দ্রুত বিচার দাবি করেন।
এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী শুক্রবার সকালে তাদের বাড়িতে যান। তিনি মরহুমের মায়ের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।