সিলেটে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবকে সংবর্ধনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সিলেটের একটি অভিজাত হোটেলে জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। সভা পরিচালনা করেন সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি বায়জিদ মাহমুদ ফয়সল।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে-বিদেশে ছড়িয়ে থাকা জালালাবাদবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বক্তারা বলেন, প্রবাসী ও দেশীয় জালালাবাদবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সভায় কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জালালাবাদবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজনে: জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh