বিজিবির টহলদলে হামলা ও সাড়ে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি, টুঙ্গিপাড়া থানায় মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। গত ২৩ নভেম্বর তিনি খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি নথিভুক্ত করেন।

মামলায় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ (কালু) মোট আটজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে যৌথ টহল দিচ্ছিল বিজিবি। সে সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে বিজিবি সদস্যরা সেদিকে রওনা হন। তাঁরা উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টহলদলের গতিরোধ করেন।

বিজিবির পক্ষ থেকে অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও একপর্যায়ে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালান। এ সময় বিজিবির একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলাকারীদের বাধা দিতে গেলে বিজিবির সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান, নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান ও ফারুক হোসেন গুরুতর আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলা ও অগ্নিসংযোগে বিজিবির একটি পাজেরো জিপ ও একটি ‘এপিসি কোবরা’ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে পুড়ে নষ্ট হয়। এ ছাড়া অপর একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করে নিয়ে যায়।

সব মিলিয়ে এই হামলায় বিজিবির আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh