সব
স্বদেশ বিদেশ ডট কম

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে রাখা বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে এটিকে ‘নাশকতা’ বলে ধারণা করলেও পুলিশ বলছে, প্রখর রোদের তাপে গ্যাসচালিত ওই বাসটিতে আগুন ধরে যেতে পারে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বেলা পৌনে ২টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, একটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে নাশকতার এই অভিযোগ নাকচ করে দিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তিনি বলেন, “বাসটি গত দুদিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বাসটি গ্যাসচালিত হওয়ায় ধারণা করা হচ্ছে রোদের প্রখর তাপে এতে আগুন ধরে গেছে।”
বাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।