প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল ইরান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ জুন ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে দেশটির সরকার। তারা পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ানের পদত্যাগ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা’ আখ্যা দেন প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি। তিনি বলেন, এসব খবর কিছু বিদেশি গণমাধ্যমের চলমান ‘মিডিয়া গেমের’ অংশ।

তাবাতাবায়ি বলেন, ‘পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ইরান ‘ঐক্য ও সংহতির পথ থেকে পিছু হটবে না’। তিনি যোগ করেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা ‘সে ইচ্ছা নিয়েই কবরে যাবে’। দেশের অভ্যন্তরে বিভাজন নিয়ে চলা জল্পনাকল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তারা।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় দুই পক্ষ। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে। সূত্র: আনাদোলু

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh