সব
স্বদেশ বিদেশ ডট কম

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড়ে ভোররাতের আগুনে পুড়ে ছাই হয়েছে একটি খাবার হোটেল এবং জ্বালানি তেলের দোকান।
গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ‘‘বুধবার ভোর ৪টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।’’
তিনি বলেন, পরে পাশের খাবার হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। মাটিরাঙা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকান দুটি রক্ষা করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেশিরভাগ মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।