চাইলে এখনই ইরানের ইউরেনিয়াম নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা করার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে এখনই সেটা (ইউরেনিয়াম) নিয়ে নিতে পারি। আমি মনে করি না, আমরা চাইলে তারা আমাদের থামাতে পারবে। কিন্তু এর কোনো কারণ নেই।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের ওই সমৃদ্ধ ইউরেনিয়াম এমনভাবে সংরক্ষিত রয়েছে যে, তা কার্যত ‘সমাধিস্থ’ অবস্থায় আছে। এ ছাড়া এর ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘ওটার ওপর আমাদের নজর রয়েছে।’

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, কোনো চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমি সাক্ষাৎ করতে চাই না। তবে যদি সাক্ষাৎ করি, তাহলে সেটাকে আমি সম্মানের বিষয় হিসেবে দেখব।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে তার সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে। তাতে আমি রাজি আছি। আমি তার প্রতি সম্মানজনক আচরণই করব।’

ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যের আরেক সংকট লেবানন প্রসঙ্গেও কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বলেন, লেবানন দীর্ঘদিন ধরে সংঘাত ও হামলার শিকার। দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হলে তা ইতিবাচক হবে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, লেবানন পরিস্থিতি নিয়ে ‘অগ্রগতি হয়েছে’। সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh