মহাখালীতে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ

বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের মালিকানাধীন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ অবরোধের কারণে সোমবার বিকাল থেকে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘নাসা মেইনল্যান্ডের’ তিনটি কারখানার শ্রমিক-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন।

কারখানা তিনটি হলো— নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেড।

সোমবার বিকাল সোয়া ৪টার পর এসব কারখানার শ্রমিকরা মহাখালী-গুলশান লিংকরোড ও বাস টার্মিনালের সামনের সড়কে জড়ো হন।

এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের উভয় লেনেই শত শত গাড়ি আটকা পড়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, “জনদুর্ভোগের কথা তাদের বোঝানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।”

সগির হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘‘ঈদের পর তাদের কারখানা বন্ধ হয়ে যায়। এর আগে গত ৪ জুন তারা আন্দোলনে নামলে কারখানা কর্তৃপক্ষ সোমবার (৮ জুন) বিষয়টি মিটমাট করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতি না রাখায় তারা আন্দোলনে নেমেছেন।’’

আন্দোলনকারীরা বলছেন, তাদের মে মাসের বেতন বকেয়া রয়েছে এবং অন্যান্য ভাতাও দেওয়া হয়নি।

চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হলে তার কারখানায় সংকট দেখা দেয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh