হতাশা থেকেই চুক্তি করেছেন ট্রাম্প: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ২:২০ অপরাহ্ণ

হতাশা থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মোজতবা খামেনি বলেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘ইরান জাতির অধিকার রক্ষার’ আশ্বাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে সম্মতি দিয়েছেন।

যদিও এ বিষয়ে নিজের ‘ভিন্ন দৃষ্টিভঙ্গি’ রয়েছে বলে উল্লেখ করলেও তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

মোজতবা খামেনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘হতাশার কারণেই সব ধরনের কৌশল ব্যবহার করে’ এই চুক্তিটি করিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভবিষ্যতে সরাসরি আলোচনা হলেও, এর অর্থ এই নয় যে তারা শত্রুর অবস্থান মেনে নিয়েছেন।

এই প্রথম চুক্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে দায়িত্ব নিলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি।

খামেনির বক্তব্যের সরাসরি কোনো জবাব না দিলেও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি আশা করছেন ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত হেজবুল্লাহর মধ্যে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে।

সূত্র : বিবিসি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh