ইনুর মামলার রায় ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আহ্বান জাসদ ইউরোপ কমিটির

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে জাসদের সর্ব ইউরোপীয় কমিটি।

শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। আগামী ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য, ইউরোপীয় দেশসমূহ, আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা, আইনজীবী সমাজ, কূটনৈতিক মহল এবং গণতন্ত্রপন্থী আন্তর্জাতিক মহলের প্রতি রায় এবং পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলাটি নিয়ে হাসানুল হক ইনুর সমর্থক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পর্যবেক্ষক মহলের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের মতে, বিচার কার্যক্রমে যথাযথ আইনি প্রক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারের মানদণ্ড প্রতিফলিত হয়েছে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

জাসদের সর্ব ইউরোপীয় কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, “এই আবেদন কোনো দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এটি ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থে জানানো হচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ও পর্যবেক্ষণ ন্যায়বিচার, স্বচ্ছতা এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা শক্তিশালী করতে সহায়ক হতে পারে।”

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার, যথাযথ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুষ্ঠু বিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

তবে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh