সব
নিজস্ব প্রতিবেদক,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে জাসদ যুক্তরাজ্য শাখা।
সোমবার (৩০ জুন) জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আদালতের কার্যক্রমকে ভিন্ন খাতে পরিচালিত করেছে। তারা বলেন, মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার ওই আদালতে পরিচালনা করা একটি প্রহসন।
বিবৃতিতে আরও বলা হয়, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে হাসানুল হক ইনুর অগ্রণী ভূমিকার কারণেই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।
নেতৃবৃন্দের দাবি, ইনুর বিরুদ্ধে মামলায় আনা ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন হত্যাসহ জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র অভিযোগ আদালতের রায়ে প্রমাণিত হয়নি। তারা উল্লেখ করেন, ওই সময় হাসানুল হক ইনু মন্ত্রী, সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় বা প্রশাসনিক কোনো দায়িত্বে ছিলেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণও ছিল না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ার নামে হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসা ও অবিচারের শিকার হয়েছেন।
এ সময় তারা হাসানুল হক ইনুর প্রতি অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে দেশ-বিদেশের বিবেকবান মানুষ, মানবাধিকার সংগঠন এবং সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংস্থাসমূহকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।