লন্ডনে হাসানুল হক ইনুর রায়ের প্রতিবাদে সমাবেশ, রায় প্রত্যাখ্যান সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশ করেছে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদ।

বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা দাবি করেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা ন্যায়বিচারের মৌলিক নীতি ও আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা রায় প্রত্যাখ্যান করে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বর্তমান রায় অতীতের রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দেয় বলে তারা মনে করেন।

সর্ব ইউরোপীয়ান জাসদের সভাপতি মতিউর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি রায় পুনর্বিবেচনা এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া কয়েকজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য বক্তা রায়ের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন, বিচার চলাকালে হাসানুল হক ইনু যে রাজনৈতিক দৃঢ়তা প্রদর্শন করেছেন, তা গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অনুপ্রাণিত করবে।

বক্তারা দেশ-বিদেশে অবস্থানরত গণতন্ত্রকামী ও প্রগতিশীল মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার, মানবাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন মতিউর রহমান মতিন। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh