সব
স্বদেশ বিদেশ ডট কম

লন্ডন, ৩ জুলাই: যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহে জনসাধারণের স্বস্তির কথা বিবেচনা করে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্ট লন্ডন মসজিদ। মুসল্লীদের পাশাপাশি পথচারীদের জন্যও মসজিদের সব প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে আগত সবার জন্য বিনামূল্যে ঠান্ডা পানি ও স্লাশি (Slushy) সরবরাহ করা হচ্ছে।
মসজিদের প্রবেশদ্বারে টানানো একটি বিশেষ নোটিশে লেখা হয়েছে, “গরমের দিনে আমাদের দরজা সবার জন্য খোলা। নির্দ্বিধায় ভেতরে আসুন, একটু ঠান্ডা হয়ে নিন, আর বিনামূল্যে একটি স্লাশি বা এক গ্লাস পানি পান করে সতেজ হয়ে নিন। সবাইকে স্বাগতম।”
প্রচণ্ড গরমের মধ্যে এই মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ পথচারী, মুসল্লী এবং বিভিন্ন মহলের মানুষ মসজিদের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। অনেক পথচারী ও মুসল্লী মসজিদে এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন এবং বিনামূল্যে ঠান্ডা পানি ও স্লাশি পান করে স্বস্তি লাভ করছেন।
টাওয়ার হ্যামলেটেস এর নির্বাহী মেয়র লুতফুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। মানুষের দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ইস্ট লন্ডন মসজিদ এ উদ্যোগের মাধ্যমে কমিউনিটি সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
উল্লেখ্য, ইস্ট লন্ডন মসজিদ ব্রিটেনের শতাধিক বছরের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ মসজিদ। এখানে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থায় একসঙ্গে প্রায় ১০ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন। প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষের পদচারণায় মুখর থাকে এই মসজিদ। নামাজের পাশাপাশি শিক্ষা, দাওয়াহ, দাতব্য, সামাজিক কল্যাণ এবং বিভিন্ন কমিউনিটি সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মসজিদটি ব্রিটিশ-বাংলাদেশি ও বৃহত্তর মুসলিম কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তীব্র গরমে মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্লাশি বিতরণের এই উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।