ঘরোয়া আয়োজনে গৌরীকে বিয়ে করলেন আমির

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনাকল্পনার শেষ ছিল না। গত বছরের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে খুবই স্থিতিশীল ও সুখী। বিয়ের বিষয়ে তখন নিশ্চিত কিছু না বললেও কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। অবশেষে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট।

আজ রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা তারকাদের ভিড়। বরং দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে আইনি বিয়ে ও ছোট্ট উদ্‌যাপন।

আমির খানের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের সন্তান জুনায়েদ খান, ইরা খান, ছোট ছেলে আজাদ এবং পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’-এর পরিচালক আশুতোষ গোয়ারিকারও অনুষ্ঠানে যোগ দেন। অভিনেত্রী এলি আব্রামকেও দেখা গেছে এই অন্তরঙ্গ অনুষ্ঠানে।

আমির আগেই জানিয়েছিলেন, বড় কোনো আয়োজনের বদলে তিনি নিবন্ধিত বিয়ে করবেন এবং পরে শুধু পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্‌যাপন করবেন। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে।

২৫ বছর আগের পরিচয়, প্রেম শুরু ২০২৪ সালে আমির ও গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হয়েছিল, তবে তখন সম্পর্ক এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের।

সেই পুনর্মিলনই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। শুরুতে দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন তাঁরা। গৌরী তখন বেঙ্গালুরুতেই থাকতেন, আর আমির মুম্বাইয়ে।

প্রায় এক বছর পর গৌরী মুম্বাইয়ে চলে আসেন। সঙ্গে ছিলেন তাঁর আগের সংসারের ছেলে। এর পর থেকেই তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। সেদিন তিনি বলেন, জীবনের এই সময়ে এসে তিনি খুবই শান্ত ও পরিপূর্ণ অনুভব করছেন।

তখন বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে আমির হেসে বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে তিনি এটাও স্বীকার করেছিলেন যে গৌরীর সঙ্গে নিজেকে খুব স্বস্তিতে ও নিরাপদ মনে হয়।

সময়ের সঙ্গে সেই অবস্থান বদলে যায়। গত মাসেই আনুষ্ঠানিকভাবে জানান, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরী আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে আমির খান প্রোডাকশনস। প্রতিষ্ঠানের নানা পরিকল্পনা ও প্রশাসনিক কাজে গৌরী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তাঁরা।

এরপর ২০০৪ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় ছেলে আজাদ। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।

শুধু তাই নয়, কিরণ রাও এখনো আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’-ও যৌথভাবে প্রযোজনা করেছে কিরণের প্রতিষ্ঠান ও আমির খান প্রোডাকশনস। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কাজেও একসঙ্গে যুক্ত রয়েছেন আমির, কিরণ ও রীনা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh