বৃত্তির ফল আগেই প্রকাশ: ডিপিইর প্রকৌশলী বরখাস্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঢাকা বিভাগের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অনলাইনে চলে আসার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

শাস্তির মুখে পড়া কর্মকর্তার নাম মো. মেহতাব কায়েস; তিনি সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আসিফ আহমেদও এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ফল প্রকাশের আগে ওয়েব পোর্টালে ফল আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ ঘটনায় সরকারি কর্মচারী সংক্রান্ত বিধান অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে ৯ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঢাকা বিভাগের নয়টি জেলার ফল নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে দেখা যায়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফল প্রকাশের গোপনীয়তা ও তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

ডিপিইর কর্মকর্তারা বলেছেন, বুধবার বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্বে ছিলেন মো. মেহতাব কায়েস। তাকে আনুষ্ঠানিক প্রকাশের আগে ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালকের প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ সার্ভারে লিংক তৈরি ও ফল আপলোডের ক্ষেত্রে অনুসরণীয় নিরাপত্তা প্রটোকল মানা হয়নি। এ কারণেই আনুষ্ঠানিক প্রকাশের আগেই ফল সাধারণ মানুষের নাগালে চলে যায়।

ঘটনার পর বৃহস্পতিবার ডিপিইর মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সই করা এক চিঠিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ করা হয়।

একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ডিপিই। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh