শিক্ষার্থীদের ‘লং মার্চ’ আটকে দিল পুলিশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখী ‘লং মার্চ’আটকে দিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকার আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়। এসব শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।

সেখানে তাদের সঙ্গে আন্দোলনকারীদের নাম-পরিচয় জানতে চাওয়া নিয়ে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে শিক্ষার্থীদের তর্কে জড়াতে দেখা গেছে।

‎পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে দুপুর আড়াইটায় তারা সায়েন্স ল্যাবরেটরি সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।

আন্দোলনে অংশ নেওয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, আজ বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ করব। আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে অবস্থানরত শিক্ষার্থীরাও সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। বিকাল পৌনে ৪টায় তাদের পদযাত্রা আজমপুর অতিক্রম করছিল।

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তা, বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও কোনো সমাধান আসেনি।

আন্দোলনকারীদের দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকার জানিয়ে দিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা অব্যাহত থাকবে। অন্যদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বুধবারের পরীক্ষা স্থগিত নাহলে তারা সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করার ঘোষণা দিয়েছিলেন। ফলে বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

এদিন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্যান্য জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ ও ২, ভোকেশনালের উচ্চতর গণিত ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগ ও এ বোর্ডের জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আছে, যা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত থাকবে।

রোববার দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সোমবারের এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

তবে চট্টগ্রাম বোর্ডে ও এ বিভাগ ছাড়া সোমবার অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারি বর্ষণ চলে সোমবার বিকাল পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দুইটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।

এরমধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। যেখানে শিক্ষামন্ত্রীকে এক নারীর সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করতে শোনা যায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh