জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (২৬ জুলাই) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি পানি ফেলে দিয়ে ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালে ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাঁরা কিছু পানি পান করেন। পরে পানিতে একধরনের বিষাক্ত গন্ধ অনুভব করেন। এর কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

ওসি বলেন, ক্যাম্পের পানীয় জলের সরবরাহ পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে। তবে সেটি কীভাবে বা কার মাধ্যমে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুরো ট্যাংকের পানি ফেলে দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকের একটি সড়ক পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গিয়ে মিশেছে। ছিন্নমূল ও আলীনগর—মূলত এ দুটি অংশ নিয়ে গড়ে উঠেছে এলাকাটি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা; বরং অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh