কুষ্টিয়ায় জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, ছোট ভাই আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘট্নায় তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া এলাকার এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান।

নিহত নূর ইসলাম (৪৭) ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে।

আটক হেলাল মণ্ডল (৪৩) নূর ইসলামের ছোট ভাই।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল তার বড় ভাই নূর ইসলামকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন।

নূর ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

ওসি শহিদুল ইসলাম বলেন, হেলাল পুলিশ হেফাজতে আছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh