কুতুবজোমে ১২ হাজার কোটি টাকার এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

মাসখানেক আগে প্রস্তাব ফেরত দিলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন পেয়েছে চীন। একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার কমিটির সভার পরে অর্থ মন্ত্রণালয় বলছে, মহেশখালীতে সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) যে দর দিয়েছে, তাতে সায় মিলেছে কমিটির।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি বলছে, সুপারিশকৃত দরদাতা সিএনইই। সরকারকে এর জন্য ব্যয় করতে হবে ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

অক্টোবরে একই ব্যয়ে এলএনজি টার্মিনাল করার প্রস্তাব ফেরত পাঠানোর পর ব্যয় কাটছাঁটের আলোচনা ছিল। কিন্তু ব্যয় অপরিবর্তিত রেখেই অনুমোদনের তথ্য মিলেছে নথিতে।

তবে তাতে দৈনিক ফি, টার্মিনালের ক্ষমতা বা চালুর সময়ের কথা নেই।

দেশের জ্বালানি সরবরাহের সংকটের মধ্যে আরও একাধিক এলএনজি টার্মিনাল করার কথা বলছে বিএনপি সরকার। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ তাদের আগ্রহ জানিয়ে আসছে।

এর মধ্যে গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে দৈনিক পুনঃগ্যাসীকরণ সক্ষমতা ধরা হয়েছে ৬০০ মিলিয়ন ঘনফুট, সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট।

তখন এ নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য বলছে, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে।

বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের দৈনিক খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার।

অর্থাৎ কুতুবজোমে এলএনজি টার্মিনাল নির্মাণ করলে সিএনইইকে বর্তমান ব্যয়ের চেয়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি দিতে হবে এই চুক্তির আওতায়।

বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সরবরাহ হয় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।

মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান টার্মিনাল আছে—এক্সিলারেট এনার্জির (দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট) ও সামিটের (৫০০ মিলিয়ন ঘনফুট)। কোনো টার্মিনাল বিকল হলে সরবরাহে বড় প্রভাব পড়ে।

জ্বালানি সংকট মোকাবেলায় দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার।

এসব প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহী বলে জানিয়ে আসছেন সরকারের মন্ত্রীরা।

গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এফএসআরইউ স্থাপনে ‘স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক’ প্রক্রিয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

তবে সব আলোচনা ও সমালোচনার মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো বড় কাজ প্রথমেই পেল চীন। তাদের তরফে অক্টোবরের শেষে দেওয়া প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনাল চালুর কথা রয়েছে।

এলএনজি আমদানি :

ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকের পাশাপাশি এদিন অর্থনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক হয়। দুই কমিটি মিলিয়ে এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করেছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সামাল দিতে এসব প্রস্তাবে সায় দিয়েছে দুই কমিটি।

এর মধ্যে রয়েছে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি সরাসরি এলএনজি কেনার প্রস্তাব।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন মিলেছে।

অর্থনৈতিক বিষয়ক কমিটির তিনটি সিদ্ধান্তই পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের। অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এগুলো কেনা হবে। তবে এখনো এগুলো কেবল নীতিগত অনুমোদন পেয়েছে। দাম ও পরিমাণ পরে ক্রয় কমিটিতে আসবে।

এর বাইরে ক্রয় কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গোর জন্য তিনটি ‘সাইড লেটার’ সই ও দর অনুমোদন হয়েছে।

আর মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি কেনা হবে। উভয় পক্ষের সম্মতিতে কম বা বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে নথিতে।

এ ছাড়া রমজান উপলক্ষে খেজুর আমদানি, সার আমদানি এবং কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটায় সায় মিলেছে বৈঠকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh