ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মৃত্যুর গুজব, নিসচা বলছে—তিনি ভালো আছেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ


লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তাঁর সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জানিয়েছে, তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা চলছে।

নিসচার মহাসচিব লিটন এরশাদ গ্লিটজকে বলেন, “মানুষ অতি উৎসাহী হয়ে এ ধরনের খবর ছড়ায়। লন্ডনে তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা ভালো চলছে, তিনি ভালো আছেন।”

তিনি আরও বলেন, ‘‘একজন জীবিত মানুষকে নিয়ে যাচাই-বাছাই ছাড়া মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া শুধু দায়িত্বহীনতাই নয়, বরং তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও লাখো শুভানুধ্যায়ীর অনুভূতিতে আঘাত।’’

নিসচার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংগঠনটির ভাষ্য, ইলিয়াস কাঞ্চন শুধু জনপ্রিয় অভিনেতাই নন, দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ফলে তাঁকে নিয়ে মিথ্যা মৃত্যুর সংবাদ মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করেছে।

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে তিনি লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সেখানে অস্ত্রোপচারের পর দুই ধাপে কেমোথেরাপি নেওয়া হয়েছে।

১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুদিনের জন্য দেশে এসেছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাংলাদেশে কাটিয়ে গত ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফিরে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইলিয়াস কাঞ্চন। পরে শত শত চলচ্চিত্রে অভিনয় করলেও ১৯৮৯ সালের বেদের মেয়ে জোসনা তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh