গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৫ ইউনিট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন ঝুটের গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।

তিনি বলেন, ‘‘আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানানো হবে।’’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh