গ্রিসে এয়ার শো চলাকালে এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমান ঘাঁটিতে এয়ার শো চলাকালে দেশটির একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।

শনিবার দুই আসনের ওই জেট বিমানটি বিধ্বস্ত হয় বলে দুইজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

তাদের মধ্যে এক কর্মকর্তা বলেছেন, “দুর্ভাগ্যজনকভাবে দুই পাইলট মারা গেছেন।”

তিনি জানান, বিমান ক্ষেত্রটি থেকে দুই কিলোমিটার দূরে ফ্যান্টমটি বিধ্বস্ত হয়। বিমানের আঘাতে ওই এলাকায় কেউ আহত হয়েছেন বা সেখানে কেউ ছিল বলে খবর হয়নি।

রয়টার্স জানায়, গ্রিসের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইআরটি দেখিয়েছে এফ-৪ বিমানটি মাটি থেকে মাত্র কয়েক মিটার উপরে ছিল আর সেটি ডান দিকে বাঁক নেওয়ার সময় বিধ্বস্ত হয়, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুন নিকটবর্তী বনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, “আমরা সবাই হতবাক হয়ে যাই। বিমানটি তিন মিনিটের বেশি আকাশে ছিল না।”

বিমান ঘাঁটির লাউডস্পিকারগুলোতে লোকজনকে এলাকাটি ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি বার্ষিক এথেন্স ফ্লাইং উইকে অংশ নিচ্ছিল। প্রতি বছর এই এয়ার শো-তে বিশ্বের বহু দেশের সামরিক ও বেসামরিক বিমান চালনা দল অংশ নিয়ে থাকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh