সব
স্বদেশ বিদেশ ডট কম

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ব্যাপকভাবে হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিগত সরকার পর্যাপ্ত টিকা রেখে না যাওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির উইমেন্স কলেজে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতিমধ্যে হামের টিকার একটি বড় চালান এসে পৌঁছেছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর টিকার আরও একটি বড় চালান আসার কথা রয়েছে।
এ সময় তিনি দাবি করেন, সম্প্রতি হাম ও এর উপসর্গে মৃত্যুর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য কোনোভাবেই বর্তমান সরকার দায়ী নয়; বরং এটি বিগত সরকারের অব্যবস্থাপনার ফল।
অন্যদিকে, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, যে দেশে যত্রতত্র পানি জমে থাকে, সেখানে মশা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন।
তিনি জানান, ঢাকার বাইরের প্রতিটি হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও রোগীরা ঢাকায় ভিড় করছেন।
মফস্বলের চিকিৎসকেরা কেন রোগীদের ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন এমন অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক সময় ডাক্তারদের মধ্যেও একধরনের ভীতি বা আতঙ্ক কাজ করে, যে কারণে তাঁরা ঝুঁকি না নিয়ে রোগীদের ঢাকায় স্থানান্তর করে দেন।