সব
আন্তর্জাতিক ডেস্ক,
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ এখনই সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান। গত আগস্টে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা জোটে সম্প্রতি বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের পরিপ্রেক্ষিতে এ কথা জানাল ইসলামাবাদ।
এর আগে বাংলাদেশের জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বর্তমান সদস্যদেশগুলোর ওপর। তারা বাংলাদেশকে এই জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ দেখালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তবে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, মক্কা চুক্তি মূলত একটি প্রতিরক্ষা জোট। বর্তমানে এই চুক্তি সম্প্রসারণের কোনো পরিকল্পনা তাদের নেই। তবে পরবর্তী ধাপে চুক্তির পরিধি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোর পর চুক্তি অনুযায়ী পাকিস্তান কোনো সামরিক পদক্ষেপ নেবে কি না এমন প্রশ্নেরও জবাব দেন পাকিস্তানের এই মুখপাত্র।
সাজ্জাদ হায়দার জানান, হুথিদের ওপর সামরিক অভিযান নিয়ে ইসলামাবাদের তরফ থেকে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না। তবে সময় এলে পাকিস্তান চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র: ডয়েচে ভেলে