সব
আন্তর্জাতিক ডেস্ক,

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এসব হামলা চালানো হয়। তাতে কয়েকজন আহত হন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করেন।
মন্ত্রণালয়ের ভাষ্য, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরিস্থিতির পরবর্তী কোনো পরিবর্তন হলে তা জানানো হবে।
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় এ সপ্তাহের শুরুতেও হামলা চালানো হয়েছিল। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর ফলে কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরবের ওপর হামলার নিন্দা জানিয়েছে কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন।
জোটটির ভাষ্য, হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। হামলার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছে এ জোট।