ক্ষুধার জ্বালায় খাবার ছিনতাই করে গণপিটুনির শিকার যুবক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ণ


পেটে তীব্র ক্ষুধা, অথচ খাবার কিনে খাওয়ার মতো পকেটে ছিল না কানাকড়িও। এমন অসহায় অবস্থায় এক পথচারীর হাতে খাবারের প্যাকেট দেখে সেটি ভাতের প্যাকেট ভেবে ছিনিয়ে নেন নুর মোহাম্মদ নামের এক যুবক। প্যাকেট খুলে মিষ্টি দেখতে পেলেও ক্ষুধার তীব্র যন্ত্রণা সইতে না পেরে সেখান থেকেই কয়েকটি মিষ্টি মুখে তুলে নেন তিনি।

এ ঘটনায় উপস্থিত লোকজনের মারধরের শিকার হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ হতে হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত গড়ালে বিচারক তাকে মাত্র ৫০ টাকা জরিমানা করেন। পরে এক সহৃদয় ব্যক্তির আর্থিক সহায়তায় সেই জরিমানা পরিশোধ করে আইনিভাবে মুক্তি পান ওই যুবক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশন এলাকায়। বুধবার (২৩ সেপ্টেম্বর) ওই যুবককে যশোর সদর আমলি আদালতের বিচারক সঞ্জয় কুমারের এজলাসে হাজির করা হলে এই অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। ভুক্তভোগী যুবক নুর মোহাম্মদের বাড়ি নড়াইল জেলায়। তিনি মূলত যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে দিনমজুর বা শ্রমিকের কাজ করেন।

আদালতে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আড়তের কাজ শেষ করে তিনি যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় অভুক্ত থাকায় তার প্রচণ্ড ক্ষুধা পায়, কিন্তু পকেটে কোনো টাকা না থাকায় খাবার কেনার কোনো উপায় ছিল না। এ সময় স্টেশনে এক ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট হাতে নিয়ে যেতে দেখে সেটিকে ভাতের প্যাকেট ভেবে তিনি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেন।

প্যাকেট খোলার পর ভেতরে ভাত না পেয়ে মিষ্টি দেখতে পেলেও ক্ষুধার জ্বালা সইতে না পেরে তিনি কয়েকটি খেয়ে ফেলেন। ঘটনাটি দেখে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তার সার্বিক অবস্থা বিবেচনা করে মাত্র ৫০ টাকা জরিমানা ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এবং উপপরিদর্শক (এসআই) হেলালুজ্জামান জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে নুর মোহাম্মদ যখন তার অসহায়ত্ব ও তীব্র ক্ষুধার করুণ বর্ণনা দিচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত এক ব্যক্তি মানবিক কারণে এগিয়ে এসে তাকে ১০০ টাকা দেন। সেই ১০০ টাকা থেকে আদালতের ৫০ টাকা জরিমানা পরিশোধ করে আইনি মুক্তি পান তিনি। আর অবশিষ্ট ৫০ টাকা পকেটে নিয়ে একবুক স্বস্তি নিয়ে বাড়ির পথে রওনা হন ওই যুবক।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh