ঢাকা-রিয়াদ ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ৯ হাজার যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক রুটে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে ঢাকা থেকে পরিচালিত ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন অন্তত ৯ হাজার ২৬৯ জন প্রবাসী ও ওমরাহ যাত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি কানেক্টিং বা ট্রানজিট ফ্লাইট।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, রিয়াদ এয়ারের ৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।

অন্যদিকে ট্রানজিট নিয়ে রিয়াদগামী যাত্রীদের বহনকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে রিয়াদগামী পরবর্তী ফ্লাইট বাতিল থাকায় ঢাকা থেকেই এসব যাত্রীদের বোর্ডিং স্থগিত রাখা হয়।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচ দফা হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দর অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক প্রাণ হারান। গত দুই মাস ধরে সৌদি জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের জেরে সৌদির আকাশসীমা কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হুথিরা সৌদির আকাশপথ ব্যবহার না করার জন্য আগেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে হুমকি দিয়েছিল।

রোববার রিয়াদ বিমানবন্দরে নতুন করে হামলার পর নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যার বড় ধাক্কা এসে পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মধ্যপ্রাচ্যগামী সাধারণ যাত্রীদের ওপর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh