কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ সেনাসদস্য নিহত, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

কানাডার আলবার্টা প্রদেশের ব্যস্ততম সামরিক প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ সামরিক প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন, যাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টা) এ আগুনের সূত্রপাত হয়।

নিহত চার সেনাসদস্য হলেন, সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং এবং প্রাইভেট হেইডেন লাইকেমার্ক। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রিজার্ভ ফোর্সের সদস্য ছাড়াও ‘প্রিন্সেস প্যাট্রিসিয়ার কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এর সদস্যরা রয়েছেন।

মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড সংবাদ সম্মেলনে জানান, প্রশিক্ষণ এলাকায় পদাতিক বাহিনীর সদস্যরা সরাসরি গোলাবারুদ, গ্রেনেড ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করে উচ্চমাত্রার যুদ্ধ মহড়া চালাচ্ছিলেন। মহড়ার সময় প্রশিক্ষণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ঘাসের মাঠে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। অস্বাভাবিক তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দিক পরিবর্তন করে আক্রমণ ও প্রশাসনিক অংশের দিকে ধেয়ে আসে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘটনাকে শান্তিকালীন সময়ে কানাডার ভূখণ্ডে সশস্ত্র বাহিনীর জন্য ‘সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ ও ওয়েনরাইটের মেয়র ব্রুস পিউ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড বা তেল-গ্যাস অবকাঠামোর কোনো যোগসূত্র নেই এবং অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh